ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা যা বললেন অভিনেত্রী শিবাঙ্গী জোশী

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না। তবে এবার শৈশবে ঘটে যাওয়া এক মর্মান্তিক অভিজ্ঞতার কথা প্রকাশ করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি।

সম্প্রতি একটি রিয়ালিটি শোর বিশেষ পর্বে অংশ নিয়ে অভিনেত্রী জানান, ছোটবেলায় পরিবারের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর আচরণের শিকার হয়েছিলেন। দীর্ঘদিন এই ঘটনার কথা কাউকে বলতে না পারলেও অবশেষে সাহস সঞ্চয় করে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি।

শিবাঙ্গীর ভাষ্য, সে সময় তার পরিবারের আর্থিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। বাবার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হওয়ায় অল্প বয়স থেকেই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তিনি। একই সময়ে অভিনয়জগতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে মুম্বাই যাওয়ার প্রস্তুতিও চলছিল।

অভিনেত্রী জানান, পরিবারের পরিচিত এক ব্যক্তি, যাকে তিনি ‘মামাজি’ বলে সম্বোধন করতেন, একদিন গাড়ি চালানো শেখানোর অজুহাতে তার সঙ্গে অস্বস্তিকর আচরণ করেন। বয়স কম হওয়ায় প্রথমে বিষয়টি তিনি বুঝতে পারেননি। কিন্তু ধীরে ধীরে ওই ব্যক্তির আচরণে অস্বাভাবিকতা অনুভব করতে শুরু করেন।

তিনি আরও বলেন, এক রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ওই ব্যক্তি অভিনয়জীবনে ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ তুলে তাকে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। পরে তাকে জড়িয়ে ধরারও চেষ্টা করা হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তিনি নিজেকে রক্ষা করতে প্রতিরোধ করেন এবং সেখান থেকে বেরিয়ে আসেন।

শিবাঙ্গী জানান, ঘটনার পর তিনি পুরো বিষয়টি বাবা-মাকে খুলে বলেন। পরিবারের সদস্যরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

অভিনেত্রীর মতে, শৈশবের সেই অভিজ্ঞতা তাকে দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত করে রেখেছিল। স্বাভাবিক জীবনে ফিরতে তার অনেক সময় লেগেছে। তবে এখন তিনি মনে করেন, এমন অভিজ্ঞতা লুকিয়ে না রেখে সাহস করে সামনে আনলে অন্য ভুক্তভোগীরাও কথা বলার অনুপ্রেরণা পাবেন।

শিবাঙ্গীর এই খোলামেলা স্বীকারোক্তি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসের প্রশংসা করছেন এবং শৈশবে নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন।

Leave a Comment