ত্বক ও চুলের যত্নে ট্রেন্ড নয়, নারকেল তেলেই আস্থা রানি মুখার্জির

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি মনে করেন, সুন্দর ত্বক ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য দামি প্রসাধনী নয়, বরং নিয়মিত পরিচর্যা এবং নিজের ত্বকের চাহিদা বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান সময়ে সিরাম, টোনার, এসেন্স কিংবা নাইট ক্রিমের মতো নানা স্কিনকেয়ার পণ্যের জনপ্রিয়তা বাড়লেও তিনি কখনও ট্রেন্ডের পেছনে ছুটেন না। বাজারে নতুন কোনো প্রসাধনী এলেই তা ব্যবহার করার অভ্যাসও তার নেই।

রানির ভাষ্য, ছোটবেলা থেকে যেসব প্রাকৃতিক উপাদান ও ঘরোয়া পরিচর্যার সঙ্গে তিনি পরিচিত, সেগুলোর ওপরই তার আস্থা সবচেয়ে বেশি। তার বিশ্বাস, দীর্ঘদিন ধরে যে উপাদানের সঙ্গে শরীর ও ত্বক মানিয়ে নিয়েছে, সেটিই নিরাপদ এবং কার্যকর।

তিনি বলেন, প্রতিনিয়ত নতুন নতুন প্রসাধনী ব্যবহার করার পরিবর্তে একটি সহজ ও নিয়মিত স্কিনকেয়ার রুটিন অনুসরণ করাই বেশি উপকারী। কারণ ঘন ঘন পণ্য পরিবর্তন করলে অনেকের ত্বকে অ্যালার্জি, জ্বালাপোড়া কিংবা ব্রেকআউটের মতো সমস্যা দেখা দিতে পারে।

ত্বক ও চুলের যত্নে এখনও নারকেল তেলের ওপরই ভরসা রাখেন এই অভিনেত্রী। তার মতে, ত্বক ও চুলের প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখতে নারকেল তেল অত্যন্ত কার্যকর এবং এটি দীর্ঘদিন ধরে পরীক্ষিত একটি প্রাকৃতিক উপাদান।

রানি মুখার্জি আরও মনে করেন, সৌন্দর্যের প্রকৃত রহস্য শুধু বাহ্যিক প্রসাধনীতে নয়। সুস্থ জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি এবং নিজের ত্বকের প্রয়োজন অনুযায়ী নিয়মিত পরিচর্যাই দীর্ঘমেয়াদে ত্বক ও চুলকে সুস্থ ও উজ্জ্বল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Comment